নিজেদের টিকার ট্রায়ালের অনুমতি পেল না সেরাম

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৫:৩০ পিএম

বড় ধাক্কা খেল ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। দুই থেকে ১৭ বছর বয়সীদের শরীরে নিজেদের কোভোভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি পায়নি তারা।

সোমবার  ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে ট্রায়ালের আবেদন করে তারা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেই অনুমতি দিতে অস্বীকার করেছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তারা জানিয়েছে, এখনো কোনো দেশ এই টিকার অনুমোদন দেয়নি। তাই ভারতে ট্রায়াল সম্ভব না।

সেরামকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে এই টিকার ট্রায়ালের প্রভাব বিস্তৃতভাবে জানাতে হবে।

যদি কোভোভ্যাক্সকে অনুমতি দেওয়া হয় তা হলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি-র পরে তৃতীয় টিকা হিসেবে শিশুদের শরীরে তার ট্রায়াল হওয়ার কথা।

আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে সিরাম। মার্চ মাসে সেরামের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আদর পুনেওয়ালা জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকার ব্যবহার শুরু হবে।

ভারতে এই মুহূর্তে তিনটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একটি ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন, দ্বিতীয়টি সেরাম ইন্সটিটিউটের টিকা অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং তৃতীয় রাশিয়ার টিকা স্পুটনিক।

এছাড়াও দুটি ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। তারই একটি সেরামের তৈরি কোভোভ্যাক্স এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত