করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত ৭ দিনের লকডাউনে কঠোর অবস্থানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন।
সরকারি নির্দেশনা কার্যকর করতে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবারে ২০ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী, শমসেরনগর, মুন্সীবাজার বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।
অভিযানে কমলগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরাও ছিলেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ভানুগাছ বাজার ও আদমপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী।
তিনি ১৫ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হতে না হতেই অনেকে আবার দোকানপাট খুলে নির্দেশনা অমান্য করে ব্যবসা করতে দেখা গেছে।
অন্যদিকে ইজিবাইক (টমটম) ও সিএনজিতে যাত্রী বহন করতেও দেখা যায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘এই ৭ দিনের লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি সকল নির্দেশনা কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি।’
