ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা কোভিশিল্ড গ্রহণকারীদের ভ্রমণের ছাড়পত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় টিকাটি তৈরি হচ্ছে।
এনডিটিভি বলছে, এখন কোভিশিল্ড টিকা নিয়ে অস্ট্রিয়া, জার্মানি, সেøাভেনিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, স্পেন, আইসল্যান্ড ও সুইজারল্যান্ড ভ্রমণে কোনো সমস্যা হবে না। এ ছাড়া এস্তোনিয়া জানিয়েছে, তারা ভারতের তৈরি সব টিকার ক্ষেত্রেই ছাড়পত্র দিয়ে রেখেছে।
কোভিশিল্ড ছাড়পত্র না পাওয়ায় ইউরোপীয় দেশগুলো থেকে ভারতে পা রাখলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার থেকে কোয়ারেন্টাইনের নিয়ম শিথিলের ঘোষণা দিয়েছে ভারত।
কোভিশিল্ডে ছাড়পত্র মিললেও ভারতের কোভ্যাক্সিন এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ জন্য টিকাটি নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইউরোপের বেশিরভাগ দেশ মনে করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যেকোনো দেশে ছাড়পত্র পাওয়া টিকাকে এ তালিকায় রাখা উচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোভিশিল্ডকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জার্মান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত টিকার সমতুল্য টিকা গ্রহণের পক্ষে জার্মানি।
