জুয়ায় হেরে যাওয়ার জেরে খুন হন ব্যবসায়ী রেহান

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:০৮ পিএম

জুয়া খেলায় হেরে গিয়ে ক্ষুব্ধ হয়েই চাঁদপুর শহরের ড্রেজার ব্যবসায়ী রেহান উদ্দিনকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এ হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম নামে এক যুবককে গত বুধবার শহরের প্রফেসরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় রেললাইনের পাশ থেকে মৃতের ব্যবহৃত লুঙ্গি, গেঞ্জি, তাস ও সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়।

গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, রেহান উদ্দিন মূলত জুয়ায় আসক্ত ছিলেন। তিনি ও ঘাতক খোরশেদ আলম পূর্ব পরিচিত ছিলেন। তারা একত্রে জুয়া খেলতেন। হত্যাকা-ের আগে জুয়া খেলায় খোরশেদ আলম তার গরু বিক্রির ৬৫ হাজার টাকা হেরে যান রেহান উদ্দিনের কাছে। এরপর থেকেই খোরশেদ রেহানের প্রতি ক্ষুব্ধ হন এবং তখনই তাকে মারার পরিকল্পনা করেন। ঘটনার দিন বিকেলে তারা দুজন রেহান উদ্দিনের খালি বাসায় জুয়া খেলতে বসেন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে খোরশেদ ঘরে থাকা বঁটি-দা দিয়ে কুপিয়ে রেহানকে হত্যা করেন। পরে তার রক্তমাখা জামাকাপড় ও জুয়া খেলার তাস রেললাইনের পাশের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান। খোরশেদ হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত ২৩ জুন শহরের ট্রাকরোড এলাকায় রেহান উদ্দিনের ভাড়া বাসায় নিজ রুমে রেহান উদ্দিনকে হত্যা করা হয়। পরদিন বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত