সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়কালে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০২ জনের শরীরে।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৩০২ জনের মধ্যে ১৭৭ জন সিলেটের, ৫২ জন মৌলভীবাজারের, ১০ জন সুনামগঞ্জের ও ২৫ জন হবিগঞ্জের। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে প্রমাণিত রোগীর সংখ্যা ২৬ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জের ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জের ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারের ৩ হাজার ৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনসহ বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৮০ জনের। এর মধ্যে সিলেট জেলার ৩৯৩ জন, সুনামগঞ্জের ৩৩ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন।
