‘কঠোর লকডাউনে’ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার যশুরগাঁও গ্রামে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান ভন্ডুল হয়ে গেছে। পরে বিয়েতে আমন্ত্রিত ৪০০ অতিথির খাবার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
গতকাল যশুরগাঁও গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের মেয়ে ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের ভাইয়ের মধ্যে এ বিয়ে হয়। কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিয়ের আয়োজনের খবর জানতে পেরে কনের বাড়িতে যান তিনি। পরে বিয়ের অনুষ্ঠান ভেঙে দিয়ে আমন্ত্রিত অতিথিদের খাবার এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
