ত্রুটিপূর্ণ নকশার কারণে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে বারবার ধস দেখা দিচ্ছে। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ধসে যাওয়া অংশ পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ কথা বলেন।
তিনি আরও বলেন, যমুনা একটি অপ্রতিরোধ্য নদী। একে বশে আনা কখনোই সহজ বিষয় নয়। আগামীতে পুরো বাঁধ সার্ভে করে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুনরায় সংস্কার ও নতুন করে নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হবে।
সচিব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি ১০০ বছরের নিশ্চয়তা দিয়ে বাঁধটি নির্মাণ করে। কিন্তু যমুনা নদীর ধরন পুরোপুরি নিয়ন্ত্রণ না করেই বাঁধ নির্মাণের ত্রুটিপূর্ণ নকশা করা হয়। ফলে বাঁধটির বিভিন্ন অংশে বারবার ধস দেখা দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
