খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়েলো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নূর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সর্বণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২), খুলনার ডুমুরিয়ার মোশারেফ (৬৩)।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ফুলতলার তারতিবপুরের বিবেক কুন্ডু (৪৯), সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), রূপসার রহিমনগরের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল শিকদার (৭০)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১২০ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। গতকাল ৩১ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত আলেয়া বেগম (৬৫) যশোরের বারান্দিপাড়ার বাসিন্দা।
এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
