রাফায়েল দুর্নীতিতে বিচার বিভাগীয় তদন্তে ফ্রান্স

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:৩৭ পিএম

ভারতের সঙ্গে রাফায়েল যুদ্ধবিমান চুক্তি ঘিরে নতুন করে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে একজন বিচারকও নিয়োগ দিয়েছে দেশটি। গত শুক্রবার এমনটা জানিয়েছে ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগ (পিএনএফ)।

সম্প্রতি রাফায়েল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ১০ লাখ ইউরো উপহার দেওয়ার অভিযোগ ওঠে। ফ্রান্সের একটি সংবাদমাধ্যমও অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে। টাকা উপহার দেওয়া হয়েছে প্রমাণস্বরূপ নথিপত্রও উপস্থাপন করে তারা।

ফ্রান্সের একটি দুর্নীতিবিরোধী সংগঠনের পক্ষ থেকে রাফায়েল দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। পরে তার পক্ষে সম্মত হয় ফ্রান্সের পিএনএফ। তার ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। এর আগে ২০১৮ সালে রাফায়েল চুক্তি নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছিল পিএনএফ। সে সময় তথ্য-প্রমাণের অভাব অজুহাত দেখিয়ে দাবি খারিজ করা হয়েছিল। এবার ফ্রান্সের এই পদক্ষেপ ভারতের নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়াল বলেই মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদির শাসনামলে ২০১৬ সালে ভারত-ফ্রান্সের মধ্যে প্রায় ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া হলাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত