নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশে মিলল মা-মেয়ের লাশ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:২৫ এএম

বরগুনার পাথরঘাটা উপজেলায় নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশে মা ও মেয়ের মাটিচাপা দেওয়া লাশ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো সুমাইয়া আক্তার (১৮) ও তার ৯ মাসের কন্যাশিশু সামিয়া আক্তার। সুমাইয়া একই গ্রামের রিপন হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী শাহীন মুন্সী (২১) পলাতক।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর মাটিচাপা দেয় শাহীন মুন্সী। এ ঘটনায় শাহীন মুন্সীর মা শাহিনুর বেগম (৪৫), ফুপাত ভাই ইমাম হোসেনসহ (২৩) তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শাহীন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বিয়ের আগে তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল এবং সুমাইয়া মেয়েসন্তানের জন্ম দেয়। এরপর স্থানীয়দের সালিশ বৈঠকের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পরও ছোটখাটো বিষয় নিয়ে এ দম্পতির ঝগড়া হতো। গত বুধবার দুপুরে সুমাইয়া বাবার বাড়িতে দাওয়াতে গেলেও শাহীন যায়নি। দাওয়াত খেয়ে সুমাইয়া বাড়ি ফেরার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এরপর সুমাইয়ার বাবার পরিবার বৃহস্পতিবার বিষয়টি থানায় জানালে পুলিশও বিভিন্ন স্থানে সন্ধান চালাতে থাকে। এরই মধ্যে আজ (গতকাল) সকালে স্থানীয়রা শাহীনের বাড়ির পাশের খালের পাড়ে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে গর্ত খুঁড়ে দড়ি দিয়ে হাত-পা বাঁধা ও পা ভাঁজ করা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করে।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, এ ঘটনায় শাহীনের মা, নানি ও মামাত ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাহীনকেও ধরার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত