জাতীয় সংসদে পাস হওয়া বহু প্রতীক্ষিত চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনে টেলিভিশন অভিনয় শিল্পীরাও প্রযোজ্য ক্ষেত্রে সুবিধা পাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘চলচ্চিত্র শিল্পীদের বহুদিনের দাবি ছিল, তাদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট গঠন করার। সেই ট্রাস্ট গঠন করার লক্ষ্যেই আজকে (গতকাল) চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট আইন সংসদে উপস্থাপন করা হয়েছিল এবং সেটি পাস হয়েছে।’
‘বিএনপি, জাতীয় পার্টি, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সব আমলেই চলচ্চিত্র শিল্পীদের এই দাবি ছিল, কেউ তা পূরণ করেনি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দাবি পূরণ করা হবে এবং সার্বিকভাবে শিল্পীদের কল্যাণের জন্যই এ আইন পাস হলো। এর ফলে শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা সম্ভব হবে। তাছাড়া টেলিভিশনে যারা অভিনয় করে, তাদের পক্ষ থেকেও দাবি দেওয়া হয়েছিল, যেন তাদেরও এই আইনে অন্তর্ভুক্ত করা হয়। সেই দাবি তারা তথ্য মন্ত্রণালয়ে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবরও দিয়েছিল। সেই প্রেক্ষিতে তারাও যেন এই ট্রাস্টের সুবিধা পায় সেটিও এই আইনে অন্তর্ভুক্ত করা আছে। টেলিফিল্মকেও সিনেমার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, টেলিভিশন নাট্যনির্দেশকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক এসএমকিউ সাগর, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এ আইন পাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
