রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য করোনা ইউনিট চালু করা হয়েছে।
রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এখানে করোনা রোগীরা চিকিৎসা নিতে পারবেন।
রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৪র্থ তলার ৩৩নং (এন্ড্রোক্রাইনোলজি) ওয়ার্ডটি করোনা রোগীদের রাখার জন্য ব্যবহৃত হবে। এই ওয়ার্ডে করোনা রোগীদের জন্য বেড রয়েছে ৩৬টি।
আপাতত শুধু রংপুর মেডিকেল হাসপাতালের ভর্তিকৃত রোগীরা পজিটিভ হলে তাদের এখানে চিকিৎসা দেওয়া হবে।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেটেড হাসপাতালে রোগী সংখ্যা অতিরিক্ত হওয়ায় নতুন ওয়ার্ড খোলার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই মর্মে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
এন্ড্রোক্রাইনোলজি ওয়ার্ড হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের ৩য় তলায় ৫নং (চক্ষু ওয়ার্ড) এর সঙ্গে একত্রে রাখা হয়েছে। এই ওয়ার্ডটি এখন থেকে এন্ড্রোক্রাইনোলজি ও চক্ষু ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে।
এছাড়া জরুরি বিভাগের পাশে ১০ শয্যা বিশিষ্ট একটি আইসিইউ ইউনিট খুব দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা না থাকায় রংপুর মেডিকেলে নতুন করে করোনা ইউনিট চালু করা হলো।
তিনি বলেন, এছাড়া জরুরি বিভাগের পাশেও ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। দু-তিন সপ্তাহের মধ্যে তা চালু করার জোর চেষ্টা চলছে।
