দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গতকাল রবিবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৫০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।
বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৯৬ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, জলো দ্বীপে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে জ¦লতে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো। একই সঙ্গে এই মুহূর্তে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড আরেভালো বলেন, বিমানটি হামলা চালানো হয়েছে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া এখনো পর্যন্ত উদ্ধারকাজও শুরু করা সম্ভব হয়নি। হতাহতদের উদ্ধার এবং চিকিৎসাসেবার দিকেই এখন বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
