সামেক হাসপাতাল

অক্সিজেন সংকটে ৮ রোগীর মৃত্যু বিভাগীয় তদন্ত শুরু

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০২:০৫ এএম

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে অক্সিজেন বিঘেœ আট রোগীর মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

গতকাল রবিবার দুপুরে খুলনা বিভাগীয় পরিচালক গঠিত কমিটির দুজন হাসপাতালে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

গত বুধবার সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহে বিঘœ ঘটলে আট করোনা রোগীর মৃত্যু হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। পরে বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা হয়।

এমন প্রেক্ষাপটে সামেক হাসপাতালের কমিটির পর স্বাস্থ্য বিভাগের খুলনার বিভাগীয় পরিচালকের নির্দেশে আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। মোংলা পোর্ট হেলথের সহকারী পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনকে প্রধান করে এ কমিটিতে রাখা হয় খুলনা মেডিকেল সাব-ডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজীকে। তারা গতকাল সরেজমিনে হাসপাতালে এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা বলেন, ‘অক্সিজেন বিঘœতায় আট রোগীর মৃত্যুর ঘটনায় বিভাগীয় পরিচালক গঠিত তদন্ত কমিটির দুজন সহকারী পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন ও ডা. রফিকুল ইসলাম গাজী আজ (গতকাল) হাসপাতালে আসেন। তারা হাসপাতালের ২০ কর্মকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার নিয়েছেন। পরে বিকেলে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবারের মধ্যে মন্ত্রণালয়ে লিখিত প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের বাইরে মৃতদের স্বজনদের কারও সঙ্গে তারা কথা বলেননি। আমাদেরও খবর দেওয়া হয়নি।’

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘আমিও কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাদের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত