বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে তিনজন উপসর্গ নিয়ে এবং দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত) আরও ১২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২৫১ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৮৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন আড়াই হাজার জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।
বাগেরহাট সদর হাসপাতালের আরএমও ডা. আবুল বাশার মোহাম্মদ সাদী বলেন, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট সদরের কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন থাকা একজন এবং উপসর্গ থাকা দুজন মারা গেছেন। বর্তমানে এই হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি আছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে একজন এবং চিতলমারী উপজেলায় একজন নিয়ে মোট দুজন মারা গেছেন। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ১২১ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৮ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২ শতাংশ বেশি।
