সব আলো নিভিয়ে রাতের অন্ধকারে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে চলে যায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী। এমনকি এ বিষয়ে আফগান কর্মকর্তাদেরও কিছু জানায়নি তারা। ঘাঁটির নতুন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসিকে জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বাগরাম ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনারা। এর কয়েক ঘণ্টা পর বিষয়টি জানতে পারে আফগান বাহিনী।
বাগরাম শুধু সামরিক বিমানঘাঁটিই নয়, এটি একটি কারাগারও। সেখানে বর্তমানে পাঁচ হাজারের বেশ তালেবান সদস্য বন্দি রয়েছে। এ অবস্থায় ঘাঁটি পুরোপুরি অরক্ষিত রেখে কাউকে কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী হুট করে বিদায় নেওয়ায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ, তালেবান যোদ্ধারা দ্রুত বাগরামের দিকে এগোচ্ছে বলে শোনা যাচ্ছে।
গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল কোহিস্তানিও স্বীকার করেছেন, তালেবানরা খুব শিগগিরই বাগরামে আক্রমণ করবে বলে ধরে নিয়েছেন তারা। তিনি বলেন, ইতিমধ্যে আশপাশের গ্রামাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ কর্মকর্তা বলেন, যদি যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে আমাদের তুলনা করি, তাহলে সেখানে বিশাল ফারাক। কিন্তু আমাদের সক্ষমতার ভিত্তিতে আমরা যথাসম্ভব নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।
