ফেনীতে ফজলুল আহমদ আদা নামে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে ফেনী সরকারি পাইলট স্কুলের শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়।
নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা মো. সেলিম উদ্দিন বাদী হয়ে গত সোমবার থানায় লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগে জানা যায়, দেশব্যাপী কঠোর লকডাউন থাকলেও ফেনী সরকারি পাইলট হাইস্কুলের গণিতের শিক্ষক শাহ আলম তার বাসায় প্রাইভেট পড়ান। গত সোমবার সকালে প্রাইভেট পড়তে যাওয়া ফজলুল আহমদ আদা অঙ্কে ভুল করায় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন ওই শিক্ষক।
এ ঘটনায় ওই ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানার পুলিশ শিক্ষক শাহ আলমকে গ্রেপ্তার করে। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন শিক্ষক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
