মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৪:১৯ পিএম

করোনা মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ডা. আফতাব উদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে।

অ্যাম্বুলেন্স চালকরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার সময় মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি অনপুম সাহার অনুসারী ৫/৬ জন ছাত্রলীগ নেতা ইমার্জেন্সির সামনে থাকা অ্যাম্বুলেন্স চালকদের  হুমকি দিয়ে বলে ছাত্রলীগ নেতাদের অনুমতি ছাড়া এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স করে লাশ কিংবা রোগী নিয়ে যাওয়া যাবে না।

এই ঘটনায় সোমবার রাতেই অ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি সেলিমের নেতৃত্বে ছাত্রলীগ সভাপতি অনুপমের সাথে দেখা করলে এই বিষয়ে আগামী শুক্রবার বসে ফয়সালা করার সিদ্ধান্ত হয়।

কিন্তু এরপরও মঙ্গলবার সকাল ১১টার দিকে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী এসে চালকদের সাথে খারাপ ব্যবহার করে লাশ নিয়ে দাঁড়িয়ে থাকা ৫টি অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে চলে যায়। এরপর থেকেই লাশসহ করোনায় বহনকারী অ্যাম্বুলেন্স আটকা পড়ে।  লাশ আটকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যাওয়ার ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভের তৈরি হয়।

ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অনুপম সাহা চাঁদা দাবির কথা অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্স চালকরা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার জেরে সাধারণ ছাত্ররা এই কাজটি করে থাকতে পারে।

ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলার পর বিকেল ৫টার পর ছাত্রলীগ নেতারা অ্যাম্বুলেন্সের চাবি ফিরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দীন ফরাজি জানান, অ্যাম্বুলেন্স চালকদের সাথে ছাত্রলীগ নেতাদের একটা সমস্যা তৈরি হয়েছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুতই এ বিষয়ে প্রাথমিক সুরাহা করে চাবি ফিরিয়ে দিয়েছে। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত