ডেঙ্গুতে আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:০৭ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী। গতকাল বুধবার ভোর ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

‘প্রচন্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’ গত ২০ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। গতকাল ভোর ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাবলী। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার মৃত্যুতে গভীর শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত