কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:০২ পিএম

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৭ রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগীর মৃত্যু হয়।

একই সময়ে ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের ১০ জন ছিলেন করোনা পজিটিভ। আর সাতজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, এই হাসপাতাল ২৫০ শয্যার হলেও করোনা রোগীদের জন্য ২০০ শয্যা ব্যবহার করা হচ্ছে। দুইশ’ শয্যার বিপরীতে বর্তমানে করোনা নিয়ে ২০২ জন আর করোনা উপসর্গ নিয়ে ৮৭ জনসহ মোট ২৮৯ জন চিকিৎসাধীন।

এ সময় গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ী করেছেন তিনি।

এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তারা আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা না করা এবং অক্সিজেন লেভেল একেবারে নিচে এসে ঠেকলে, তখনই আসছেন হাসপাতালে। হাসপাতালে আসার পর এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৪টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে ১০ জনের। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৮জনে।

চলমান বিধিনিষেধে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে, তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত