পুলিশের সহায়তায় বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে ফরিদপুরে। বৃহস্পতিবারে দুপুরের বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণিটি অবমুক্ত করে পুলিশ।
ফরিদপুরের অরিক্তি পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামে জাহিদ শেখের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি বিরল প্রজাতির প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল। সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামারা তক্ষকরক্ষিত একটি ব্যাগ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে তার ভেতরে থাকা আনুমানিক ১৩ ইঞ্চি লম্বা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান প্রাণটি অবমুক্ত করেন।
এ বিষয়ে উপজেলার বন কর্মকর্তা শেখ লিটন বলেন, তক্ষক গিরগিটি প্রজাতির নির্বিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরাতন বাড়ির ইটের দেয়াল, ফাঁক-ফোকড় ও বয়স্ক গাছে এরা বাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়। আইইউসিএনের লাল তালিকা অনুযায়ী এটি বিপন্ন বন্যপ্রাণী।
