নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোরসালিন (২৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩-এ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত্যু ঘোষণা করেন। তার বাড়ি দিনাজপুর চিরিরবন্দর উপজেলায়। বাবার নাম আনিসুর রহমান। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছিল সে। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
এর আগে বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রানী (৪৫), মিনা আক্তার (৪১) নামে দুই নারীর নিহত হন।
এর রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ঘণ্টা ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তবে রাত ১২ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
যে ভবনটিতে আগুন লেগেছে সে ভবনটিতে এখনো প্রায় শতাধিক শ্রমিক আটকে আছে বলে শ্রমিকেরা জানান। অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নূসরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
