স্বাস্থ্য সচিব আসার খবরে ১৭ অক্সিজেন সিলিন্ডার গেল পাবনায়

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০২:০৮ এএম

ঈশ্বরদী উপজেলায় করোনার প্রকোপ ও অক্সিজেনের প্রয়োজন থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত বুধবার রাতে ১৭টি অক্সিজেন সিলিন্ডার পাবনা সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খাঁন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খাঁন বলেন, ‘পাবনায় স্বাস্থ্য সচিব স্যার আসবেন, এ জন্য সিভিল সার্জন বুধবার রাত সাড়ে ১১টায় আমাকে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠানোর নির্দেশ দেন। আমি হাসপাতালে থাকা ১৭টি সিলিন্ডার পাবনায় পাঠিয়ে দিই।’ 

তবে এ ব্যাপারে পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য সচিব পাবনায় আসবেন এ জন্য ঈশ্বরদী থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসার ঘটনাটি সঠিক নয়। পাবনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার গত মঙ্গলবার দুদিনের জন্য নিয়ে আসা হয়েছিল। আবার সেটি ঈশ্বরদীতে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, ‘রাতের বেলায় কেন আনব বা স্বাস্থ্য সচিব আসার সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের সম্পর্ক কী?’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে কাউকে কিছু না জানিয়ে ডা. আসমা খান গভীর রাতে ১৭টি অক্সিজেন সিলিন্ডার কেন পাবনায় পাঠালেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার পাবনায় খোঁজ নিয়ে স্বাস্থ্য সচিবের আসার বিষয়টি কেউ নিশ্চিত করেনি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, ‘ স্বাস্থ্য সচিবের আসার বিষয়টি আমি জানি না।’ 

ঈশ্বরদীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।  গতকাল ঈশ্বরদীতে ১৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত