মানবদেহের আকার বদলাচ্ছে জলবায়ু পরিবর্তনে

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১১:৩৮ পিএম

জলবায়ু পরিবর্তনের সঙ্গে যে মানুষের শরীরের আকারের সম্পর্ক আছে তা সাধারণ মানুষের অজানা। সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও জার্মানির টুইবেনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক গবেষণার মাধ্যমে বলছেন যে, গত ১০ লাখ বছরে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের শরীরের আকারের পরিবর্তন হচ্ছে।

গত বৃহস্পতিবার ন্যাচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটির গবেষকরা জানিয়েছেন, আধুনিক মানুষ বা হোমো সেপিয়েনসের উদ্ভব হয়েছে যে ফ্যামিলি থেকে সেই হোমো জেনাস ফ্যামিলির তিনশোরও বেশি ফসিলের মস্তিষ্ক ও শরীরের আকারের মাপ সংগ্রহ করেছিলেন তারা। এসব তথ্যের সঙ্গে গত ১০ লাখ বছরের পৃথিবীর আঞ্চলিক জলবায়ু পুনর্নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ওই ফসিলগুলো জীবিত অবস্থায় কোন জলবায়ুতে বসবাস করেছেন তা খতিয়ে দেখেছেন গবেষকরা।

গবেষকরা দেখেছেন, জলবায়ুÑ বিশেষ করে তাপমাত্রাÑ গত ১০ লাখ বছরে মানুষের দেহের আকার বদলে বড় ভূমিকা রেখেছে। শীত ও কঠিন জলবায়ুর সঙ্গে সম্পর্ক রয়েছে অপেক্ষাকৃত বড় শরীরের। আর অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় থাকা মানুষের আকার ছোট ছিল।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভলিউশনারি ইকোলজির অধ্যাপক আন্দ্রে মনিকা বলেন, ‘এই সম্পর্ক বহু প্রাণীর ক্ষেত্রেই পাওয়া গেছে; এমনকি সমসাময়িক মানুষের মধ্যেও। কিন্তু এখন আমরা জানতে পারছি যে, গত ১০ লাখ বছরে মানুষের শরীরের আকার পরিবর্তনে এটাই অন্যতম চালিকাশক্তি।’

গবেষকরা জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের মস্তিষ্কেও পরিবর্তনের বিষয়টি সামনে এনেছেন। বিশেষজ্ঞদের মতে, শুরুর দিকের হোমো হাবিলিদের তুলনায় হোমো সেপিয়েনসদের মস্তিষ্ক ৫০ শতাংশ ভারী এবং তিনগুণ বড়। যদিও কেন হাবিলিদের তুলনায় সেপিয়েনসদের মস্তিষ্কে এমন পার্থক্য, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এ বিতর্কে নতুন করে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টি। অধ্যাপক মনিকার মতে, ‘আশ্চর্যজনকভাবে, মস্তিষ্কের আকার পরিবর্তন হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে তাপমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাই দেহ ও মস্তিষ্কের আকার পৃথক পৃথক চাপের মধ্যে বিবর্তিত হয়েছে। স্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা বড় মস্তিষ্ক বেড়ে ওঠার প্রমাণ পেয়েছি। শুরুর দিকের হোমোদের ক্ষেত্রে দেখা গেছে, খোলা স্থানের কারণে তাদের মস্তিষ্ক বড় হতো।’

গত চার দশকে উত্তর আমেরিকার পরিযায়ী পাখিদের আকার ছোট হতে দেখা গেছে। তবে তাদের পাখার আকৃতি বেড়েছে। এ পরিবর্তনটাও হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত