মৌলভীবাজারের কমলগঞ্জে চলমান ‘লকডাউনে’ কর্মহীন হয়ে পড়া মানুষজন গতকাল শনিবার ত্রাণের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। দুপুর ২টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক হতদরিদ্র নারী-পুরুষ কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে পরিষদের বারান্দায় বসে থাকেন। তবে ঘণ্টাব্যাপী অবস্থান নিলেও হতাশ হয়ে খালি হাতেই ফিরে যান তারা।
জানা যায়, উপজেলার ভানুগাছ বাজার, শ্রীনাথপুর, ঠাকুরবাজার, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নারী-পুরুষ দুপুরে উপজেলা চত্বরে জড়ো হন। সেখানে অবস্থানরত হাসি বেগম, হুসনা বেগম, রিমা মালাকারসহ কয়েকজন বলেন, আমরা বিচ্ছিন্নভাবে এখানে কয়েক দিন এসেছি। আমাদের সঙ্গে কেউ দেখা করেনি বা কথাও বলেনি। লকডাউনে কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে। নিরুপায় হয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে অবস্থান নিয়েছি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীকে বেরিয়ে যেতে দেখে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে দেওয়া হয়েছে। এখানে সহযোগিতা করার জন্য আমাদের নিকট কিছু নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, দুদিন ধরে এখানে এসে জড়ো হচ্ছেন তারা। সহায়তার জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
