বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেট অনুমোদন দিলে আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে দায়িত্ব নেবেন বাণিজ্য বিশেষজ্ঞ পিটার হাস।
মার্শা বার্নিকাটের পর আর্ল মিলার ২০১৮ সালে ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্ব নেন। বাইডেন বাংলাদেশের পাশাপাশি ভারত, ফ্রান্স, মোনাকো ও চিলিতেও নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছেন। ভারতে দায়িত্ব পাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেট্টি। ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে ডেনিস ক্যাম্পবেল বাউ এবং চিলিতে বার্নাডেট এম. মিহানকে মনোনয়ন দিয়েছেন বাইডেন।
পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক বিভাগে উপসহকারী মুখ্য সচিবের দায়িত্বে রয়েছেন। এর আগে হাস প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশনের প্রধান ছিলেন। ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র মিশনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই কূটনীতিকের।
অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পিটার হাস লন্ডন স্কুল অব ইকোনমিকস ও ইলিনয়ের ওয়েসলিয়ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি ও জার্মান ভাষায় পারদর্শী।
