বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন।
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজন বগুড়ার এবং অন্য চারজন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।
এই ৭ জন হলেন- বগুড়া সদর উপজেলার মোজাম্মেল হক (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহি উদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ (৪৫) এবং নাটোর মিনা খানম (৫৫)।
এদের মধ্যে মোজাম্মেল, সহুরা ও মহি উদ্দীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে; জিয়াউল, বজলুর ও মুরাদ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং মিনা খানম টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রবিবার অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৮৫ জন।
ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫জন এবং ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৭০৫ জন চিকিৎসাধীন।
