‘নব্য জেএমবি’র আস্তানায় বিপুল সরঞ্জামসহ ৩ বোমা

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:০৯ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর ঘেরাও করা বাড়ি থেকে তিনটি বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা ডিসপোজাল টিম।

রবিবার রাত ১০টার দিকে সিটিটিসি দল ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটিতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টায় নোয়াগাঁও মিয়াবাড়ি জামে মসজিদ সংলগ্ন বাড়িটি ঘেরাও করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় মিয়াবাড়ী জামে মসজিদের ইমাম আবদুল্লাহ আল মামুনের বাসাটি ছিল নব্য জেএমবির জঙ্গিদের বোমা তৈরির কারখানা।

সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।

রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এ আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে।

image

সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, ‘ধারণা করছি ওই আস্তানায় এখন কেউ নেই। তবে সেখানে অনেক বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। তারপরও আমরা সতর্ক অবস্থানে থেকে বাড়িটি ঘিরে রেখেছি।’

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, রবিবার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, সিটিটিসি কর্মকর্তাদের ধারণা, ওই আস্তানায় বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। আমরা তাদের সহযোগিতা করছি।

পরে সিটিটিসির বোমা ডিসপোজাল টিম রাতে তিনটি বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। প্রথমে ১০টা ৪৫ মিনিটে, পরে ১০টা ৫৪ মিনিটে ও শেষে ১১টা ০৮ মিনিটে তিন নম্বর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট।  এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই পুরো এলাকা ঘিরে আশপাশ থেকে মানুষজনকে সরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত