রাঙ্গামাটির পর্যটন উপশহর কাপ্তাইয়ে একদল বন্য হাতির তান্ডবে একটি বসতঘর, গাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে। রাতের আঁধারে বন্য হাতির দল গ্রামে ঢুকে তান্ডব চালানোয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল রবিবার ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্পসংলগ্ন তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বন্য হাতির দলটি একটি বসতঘর, একটি ট্রাক ও একটি দোকানে ভাঙচুর করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানান, ভোররাতে বন্য হাতির দল শিল্প এলাকায় ঢুকে কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) অস্থায়ী শ্রমিক সেলিমের বসতঘরটিতে হানা দিয়ে ভাঙচুর করে। সেলিম পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের আর্তচিৎকার ও প্রতিরোধে হাতির দলটি জঙ্গলে ফিরে যাওয়ার সময় রাস্তায় রাখা একটি ট্রাক ও একই এলাকার তোফাজ্জলের দোকান ভাঙচুর করে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
