চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নয়জন মারা গেছেন। একই সময়ে এক দিনে সর্বোচ্চ ৮২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫২৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন শহরের এবং ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৯০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬০৩ জনের করোনা শনাক্ত হয়। সেদিন চট্টগ্রামে করোনায় তিনজন ব্যক্তির মৃত্যু হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৬৫ হাজার ৮২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৮০ জন।
