ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ২০০ গাঁজার গাছসহ গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৬:৫৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডেভিড সরকারকে (৪১) রবিবার রাতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ২০০ গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে। তার নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের পূর্ব ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার এসআই হুজ্জাতুল ইসলাম জানান, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডেভিড সরকারকে রবিবার রাতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ গ্রেপ্তার করে। এ সময় তারা ডেভিড সরকারের বাড়ির পেছনের জমিতে আবাদ অবস্থায় ২০০ গাঁজার গাছ উদ্ধার করেন। পরে র‌্যাবের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়। র্যাব ডেভিড সরকারকে পুলিশের কাছে গাঁজার গাছসহ হস্তান্তর করেন।

পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ও পঞ্চক্রোশি ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডেভিড সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ উঠেছে। তারা তার অপসারণ দাবি করেন।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি বলেন, এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ডেভিড সরকারকে সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত