সাভারে ধারের পাঁচ হাজার টাকা ফেরত চাওয়ায় আপন খালুর হাতে প্রাণ গেল আট বছর বয়সী শিশু রাজিয়ার।
রবিবার দিবাগত রাত দুইটার দিকে নিখোঁজের তিন দিন পর সাভারের রাজফুলবাড়ীয়া রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার মধ্যে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় হত্যাকারী খালু নাজমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিয়াকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছে নাজমুল।
নিহত রাজিয়া সুলতানা রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবতি বিষ্ণুপুর এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে সাভারের তরফ রাজাঘাট এলাকায় সোহেলের বাড়িতে পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
অন্যদিকে হত্যাকারী নাজমুল রংপুর জেলার পীরগাছা থানার চৌধুরানী এলাকার বাসিন্দা। তিনি নিহত রাজিয়ার আপন খালু।
থানা-পুলিশ জানায়, কিছুদিন আগে নাজমুল রাজিয়ার মায়ের এক জোড়া কানের দুল বন্ধকের কথা বলে বিক্রি করে দেয়। সেই কানের দুলের জন্য তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে একপর্যায়ে তা ফেরত দিতে বাধ্য হয় নাজমুল। পরবর্তীতে সে আবারও রাজিয়ার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলেই ক্ষিপ্ত হয় নাজমুল। গত ৯ জুলাই বিকেলে ধারের পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া কথা ছিল। ওই দিনই কৌশলে নাজমুল কাউকে না জানিয়ে রাজিয়া সুলতানাকে ঘুরতে যাওয়ার কথা বলে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের পানিতে চুবিয়ে হত্যার পর কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।
এদিকে রাজিয়াকে খোঁজাখুঁজি না পেয়ে তার বাবা শনিবার সাভার থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। পরে নাজমুল রাজিয়ার মায়ের কাছে ফোন করে বলে রাজিয়া তার কাছে আছে, ভালো আছে।
এ ঘটনায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করা হলে সে রাজিয়াকে হত্যার কথা স্বীকার করে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তরফ রাজাঘাট এলাকার বিলের মধ্যে কচুরিপানার নিচ থেকে রবিবার রাত দুইটার দিকে নিখোঁজ রাজিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, সাধারণ ডায়রির বিবরণ দেখে নিখোঁজ শিশুর খালু নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে রবিবার রাতে রাজাঘাট এলাকার একটি বিলের কচুরি পানার নিচ থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে শিশু হত্যার ঘটনায় নাজমুল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
