করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো ও টিকা নিতে নিজ নাগরিকদের উদ্বুদ্ধ করতে টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার। সিডনি ও কয়েকটি রাজ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে, যা গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট সিডনির জন্য।
সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে নাজুক অবস্থায় এই শহরটি। নিউজ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘মানুষ কিছুদিনের জন্য ঘরে থাকলে ভাইরাস ছড়ানো সম্ভব না। এজন্য সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটিতে গত এপ্রিলের পর এই প্রথম একজন কভিডে মারা গেছেন। ডেল্টার প্রকোপের কারণে গত মধ্য জুন থেকে লকডাউনে রয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।
ব্লুমবার্গের ভ্যাকসিন ট্র্যাকার বলছে, অস্ট্রেলিয়ার জনসংখ্যার তুলনায় মাত্র ১৭ দশমিক ৮ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। অন্যদিকে যুক্তরাজ্য ৬০ দশমিক ৪ শতাংশ এবং যুক্তরাষ্ট্র ৫২ দশমিক ২ শতাংশ মানুষকে টিকা নিয়েছে।
সোমবার এক সাক্ষাৎকারে ইউনিভার্সটি অব নিউ সাউথ ওয়েলসের অধ্যাপক বিল বাউটেন বলেন, ‘সিডনি গুরুতর সংকটের মুখোমুখি, যা গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ স্বাস্থ্য সংকটে রয়েছে।’
