চলমান ‘কঠোর লকডাউনে’ বিকেল ৫টার মধ্যে হাটবাজারের দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও যারা খোলা রাখছেন, তাদের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদান করা হয়।
গত রবিবার বিকেল ৬টায় তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী আমতলীর গ্রামীণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাস্তার পাশে এক চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে জীর্ণ শরীরে ৮-১০টি ছোট ছোট মাছ বিক্রি করতে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। ক্রেতাশূন্য বাজারে মাছগুলো পচে যাওয়ার উপক্রম। দোকানির চোখে-মুখে হতাশার ছাপ দেখে ভ্রাম্যমাণ আদালত দন্ডের পরিবর্তে মাছ বিক্রেতার হাতে তুলে দিল প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তার প্যাকেট।
মাছ বিক্রেতা আলাউদ্দিন জানান, স্ত্রী-সন্তানসহ ৫ সদস্যের সংসার চলছে টানাপড়েনের মধ্য দিয়ে। পেটের দায়ে অসুস্থ শরীর নিয়েই বিধিনিষেধ অমান্য করে মাছ বিক্রি করছিলেন তিনি।
