চাঁদপুরে ক্ষতিকর জেলি মিশ্রিত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি ককসিটের বাক্সভর্তি ৩৫ মণ চিংড়ি জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সাদিক হোসেন বলেন, চিংড়িগুলো খুলনা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। আমরা খবর পেয়ে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় চিংড়িগুলো জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার দুপুরে এসব মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।
স্টেশন কমান্ডার বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চিংড়ি পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এই চক্রের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, অধিক মুনাফার লোভে অসাধুচক্র চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশায়। জেলি মিশ্রিত এসব চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
