বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেলেন কবি মুহম্মদ নূরুল হুদা। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩-এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
মুহম্মদ নূরুল হুদা গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘প্রজ্ঞাপন জারি হয়েছে জেনেছি, অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আমি প্রজ্ঞাপনের চিঠি হাতে পাইনি। এরপর প্রতিক্রিয়া জানাব।’
গত ২৪ মে কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাংলা একাডেমির ডিজি হাবীবুল্লাহ সিরাজীর। এর পর থেকে একাডেমির সচিব এএইচএম লোকমান ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালীতে জন্মগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নের সময় সাহিত্য অঙ্গনে প্রভাব ফেলতে শুরু করেন তিনি। পরে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পান। কর্মজীবনে জার্মানি, জাপান, হাওয়াই, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পেইচিং, শ্রীলঙ্কা, তুরস্ক প্রভৃতি দেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। পেয়েছেন নানা সম্মাননা।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার। মুহম্মদ নূরুল হুদা কবিতার পাশাপাশি লিখেছেন উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কাব্যনাট্য, গান। ‘জাতিসত্তার কবি’ হিসেবে পরিচিত মুহম্মদ নূরুল হুদা ২০১৫ সালে পান একুশে পদক।
