নতুন টেকনোলজি নিয়ে কাজ করলে চাকরির অভাব হবে না

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:৪৫ পিএম

সালেহ মোবিন ২০ বছর আগে আইটিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন, যখন আইটি সেক্টরকে মানুষ তেমনটা বুঝতো না। বর্তমানে জব করছে ওরাকল কনসালট্যান্ট হিসেবে ঘুঁড়ি ইনফোটেক লিমিটেডের সঙ্গে। POS Software থেকে শুরু করে SAP হয়ে এখন Oracle নিয়ে কাজ করছেন। নিজের অভিজ্ঞতা থেকে বলছেন আইটি সেক্টরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে…

প্রশ্ন: আইটি সেক্টরকে কেমন দেখছেন?

সালেহ মোবিন: বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের টেকনোলজিতে এগিয়ে যেতে হবে। যে দেশ যত বেশি উন্নত, তারা বিভিন্ন টেকনোলজির কারণেই এগিয়ে গেছে। চতুর্থ শিল্প বিপ্লব চলছে সারা বিশ্বে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের তরুণরা এখন IOT ব্যবহার করছে। Block chain / Cloud Computing / Artificial intelligence and Machin Learning এর মতো প্রযুক্তিগুলো ঢুকে যাচ্ছে আমাদের দৈনন্দিন কাজে।

প্রশ্ন: জেনারেল লাইনে পড়াশোনা শেষ করলেও আইটিকে পেশা হিসেবে কেন বেছে নিলেন?

সালেহ মোবিন: সবারই স্বপ্ন থাকে জীবনে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু চার মাস বয়সে বাবাকে হারিয়ে খেয়ে বেঁচে থাকা নিয়েই চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই। তাই বড় হয়ে আইটি মার্কেটিংকে বেছে নিই পেশা হিসেবে। জীবনে ইঞ্জিনিয়ার হতে না পারলেও শত শত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি।

সেই ২০০১ সালে যখন আইটি সেক্টর বা প্রফেশন বলতে সবাই ভালোভাবে বুঝতেন না, ঠিক তখন লোকাল মার্কেটে ডোর টু ডোর গিয়ে মানুষকে বোঝাতে চাইতাম সফটওয়্যার কী, কীভাবে কাজ করে, কী কাজে লাগে এসব। গত ২০ বছর আগে সফটওয়্যার বলতে ট্যালিকে বুঝতো। তখন ট্যালি ছাড়া তেমন বেশি সফটওয়্যার ছিল না লোকাল মার্কেটে। তখন মানুষকে বোঝাতে চাইতাম ট্যালি ছাড়া ও আরও সফটওয়্যার বাজারে আছে। আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এখন SAP ORACLE সহ অসংখ্য লোকাল সফটওয়্যার বাজারে চলে আসছে। এখন সফটওয়্যার কী, কীভাবে কাজ করে তা আর কাউকে বুঝতে হয় না। খুব বেশি দিন হয়নি ব্যাংকে গেলে বড় বড় ভলিউম খাতা দেখে টাকা ওঠাতে হতো। এখন এক ক্লিকেই চলে আসে আমাদের টাকার ব্যালেন্স।

প্রশ্ন: দেশ ও দশের জন্য কী করার স্বপ্ন?

সালেহ মোবিন: মা, মাটি এবং দেশ- এই তিনটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। কারণ দেশ প্রেম না থাকলে জীবনে ভালো কিছু করতে পারবেন না। আমি সব সময় গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অনেক জনকে চাকরি দিয়ে সাহায্য করেছি। আর্থিকভাবে সাহায্য করেছি। মসজিদ-মাদ্রাসায় সাহায্য করেছি। ইনশা আল্লাহ, বেঁচে থাকলে আরও ভালো কিছু করতে চাই।

প্রশ্ন: আপনি আইটি সেক্টরে অনেক দিন ধরে আছেন। এই সেক্টরকে কীভাবে এগিয়ে নিতে চান?

সালেহ মোবিন: আইটি সেক্টর এখন বাংলাদেশের জন্য একটি উদীয়মান সেক্টর। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ এই সেক্টরে অনেক দূর এগিয়ে যাবে। সরকারি সবগুলো সেক্টর এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ডিজিটালাইজেশন শুরু হয়ে গেছে। যারা সফটওয়্যারের কথা শুনলে আগে পালিয়ে বেড়াতো, এখন তারা ভালো মানের সফটওয়্যার বাজারে খোঁজে। অটোমেশন কী তা করোনা এসে সবাইকে বুঝিয়ে দিয়ে গেছে।

প্রশ্ন: যারা চাকরি বাজারে নতুন আসছে বা আসবে তাদের জন্য আপনার পরিকল্পনা কী?

সালেহ মোবিন: যেহেতু আমি প্রায় ২১ বছর ধরে আইটি সেক্টরে আছি, আমি জানি এই সেক্টরে চাকরির মূল্য অন্য সেক্টর থেকে অনেক বেশি। নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে পারলে চাকরির অভাব হবে না। আর কেউ চাইলে উদ্যোক্তাও হতে পারে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের ট্রেনিং নিয়েও কেউ কেউ ভালো অবস্থানে চলে যাচ্ছে।

নতুনদের কথা চিন্তা করে আমি  Bangladesh IT Professional Friends Club নামে একটি  আইটি প্রোফেশনাল গ্রুপ খুলেছি। যেখানে পাঁচ হাজারের বেশি আইটি প্রোফেশনাল যুক্ত আছেন। এখানে আইটি বিষয়ক বিভিন্ন ট্রেনিং , ওয়েবিনার, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করাসহ বিভিন্ন আইটির সমস্যা নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি আমাদের ওয়েব সাইট ( www.bitpfc.com ) এর সঙ্গে যুক্ত হয়েছে একটি জব পোর্টাল http://bitpfc.com/?bd=Career যার মাধ্যমে আইটি সেক্টরের সবাই জব পোস্ট  দিতে পারবেন এবং জবের জন্য আবেদন ও করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত