জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ভার্চ্যুয়ালি এই কেন্দ্রের উদ্বোধন করেন।
তিনি বলেন, “এই সরকারের জনগণের জীবনের প্রতি মায়া নাই। তারা ১৭ কোটি মানুষের জীবন নিয়ে খেলা করছে, কারণ তাদের ক্ষমতায় থাকার জন্য ভোট লাগে না।”
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ভ্যাকসিন কেনার সময় আমরা বলেছিলাম এক সোর্স এর ওপর নির্ভর করা যাবে না, অন্য সোর্স থেকেও অর্ডার করা হোক। তারা করেনি ফলে টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সরকার পরিকল্পনা বিহীন সরকার।
তিনি বলেন, “কখনো লকডাউন দিচ্ছে, আবার ইচ্ছে মাফিক তুলে নিচ্ছে। অন্যদিকে দরিদ্রদের খাবারের ব্যবস্থা করছে না। লকডাউনে কয়দিন তারা না খেয়ে থাকবে? ফ্যাসিস্ট সরকারের স্বেচ্ছাচারিতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে।”
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন চলমান খাদ্য সহায়তার পাশাপাশি দরিদ্রদের বিনা মূল্যে করোনার ওষুধ সেবা ও মুমূর্ষু রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় আমরা করোনা সহায়তা কেন্দ্র খুলছি। আমাদের সীমিত সাধ্যের সবটুকু দিয়ে বৃহত্তর রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে মানুষের পাশে থাকতে হবে করোনা আয়ত্তে আসা পর্যন্ত। তিনি বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম গুলো বেগবান করার আহ্বান জানান।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান ও আব্দুল ওহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ।
জুম মিটিং এ আরও উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির অন্যতম সদস্য আমিনুর রহমান বকুল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মতিউর রহমান, সেলিম রেজা ডিউক, সাইফুল ইসলাম ডালিম, হেলাল মণ্ডল, জিয়া উদ্দিন ফেরদৌস রাইট, জাহেদা কামাল, অ্যাডভোকেট হেনা কবির, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মুশফিকুল আলম বুলু, জেলা যুবদল সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি শামস মতিন প্রমুখ।
