নতুন মাস্টারকার্ড ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতের সেন্ট্রাল ব্যাংক।
দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অভিযোগ, ডেটা সংরক্ষণ আইন ভঙ্গ করেছে কোম্পানিটি।
ভারতের সিদ্ধান্ত নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মাস্টারকার্ড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ জুলাই থেকে মাস্টারকার্ড আর কোনো ডেভিড, ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে না।
মাস্টারকার্ডের বর্তমান গ্রাহকেরা এই সিদ্ধান্তের কারণে কোনো ক্ষতির মুখে পড়বেন না।
২০১৮ সালের ৬ এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংক জানিয়েছিল, আর্থিক লেনদেনের পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে ছয় মাসের মধ্যে তাদের গ্রাহক ও লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নথিভুক্ত অডিটরকে দিয়ে সিস্টেম অডিট রিপোর্ট তৈরি করে তা পর্ষদকে দিয়ে পাস করিয়ে জমা দিতে হবে শীর্ষ ব্যাংকের কাছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক বলছে, একাধিকবার সংশ্লিষ্ট বিধি মানতে ব্যর্থ হওয়া এবং যথেষ্ট সুযোগ দেওয়া সত্ত্বেও সংস্থাটি নির্দেশিকা অনুযায়ী কাজ করতে পারেনি।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর আগে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিল।
