ভৈরবে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:৪৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের করা অভিযোগে মাদকাসক্ত ছেলে স্বপন মিয়াকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। আর টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন দিনের দ- ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত স্বপন মিয়াকে এই সাজা প্রদান করে। পরে আদালতের নির্দেশে পুলিশ বিকালেই তাকে কিশোরগঞ্জ জেলখানায় পাঠায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুবনা ফারজানা জানান, ভৈরব পৌর শহরের কমলপুর মধ্যপাড়া গ্রামের মৃত আলতাফ মিয়ার স্ত্রী আফিয়া বেগম তার মাদকাক্ত ছেলে স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানান, মাদকাসক্ত অবস্থায় স্বপন ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ লোকজনের ওপর চড়াও হয়। বহু চেষ্টা করেও তাকে মাদক সেবন থেকে বিরত বা উৎপাত বন্ধ করা যায়নি।

এই অভিযোগের ভিত্তিতে তাকে আজ (গতকাল) দুপুরে পুলিশ আটক করে তার আদালতে হাজির করলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

সাজা ঘোষণার পর আফিয়া বেগমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, তার ছেলের ৬ মাসের সাজা কম হয়েছে। কমপক্ষে দুই বছরের সাজা তিনি আশা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত