একসঙ্গে আকিকা ও কোরবানি

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২:৪৭ এএম

অনেকেই কোরবানির সময় সন্তানের আকিকা আদায় করে থাকেন। এক্ষেত্রে অনেকে আলাদা ছাগল, খাসি কিংবা গরু জবাই করেন। অনেকে আবার কোরবানির সময় গরুতে অংশ নির্ধারণ করে থাকেন। এটা নিয়ে সমাজে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। ইসলামি স্কলারদের অভিমত হলো, কেউ যদি একটি গরুতে আকিকা ও কোরবানির অংশ নির্ধারণ করে কোরবানি করেন তবে তার আকিকা ও কোরবানি দুটোই শুদ্ধ হবে। আর আকিকার গোশত বণ্টনের হুকুম কোরবানির মতোই। এ প্রসঙ্গে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আকিকা সংক্রান্ত একটি দীর্ঘ হাদিসে এসেছে, ‘... অতঃপর (আকিকার গোশত থেকে) নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং সদকা করবে।’ মুসতাদরাকে হাকেম : ৭৬৬৯

আর কোরবানি ও আকিকা একই ব্যক্তির হলে গোশত পৃথক করার প্রয়োজন নেই; বরং চাইলে উভয় গোশত একত্রে মিলিয়ে তিন ভাগে বণ্টন করতে পারবেন।

আকিকা কে করবেন : যিনি সন্তানের লালন-পালন কিংবা ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন, তিনিই সন্তানের আকিকা আদায় করবেন। তাই প্রথমত, এই দায়িত্ব পিতার ওপর ন্যস্ত হয়। পিতার সামর্থ্য না থাকলে সে ক্ষেত্রে মা সামর্থ্যবান হলে তিনি অথবা তাদের পক্ষ থেকে দাদা-দাদি, নানা-নানি আকিকা আদায় করবেন।  মাউসুআতুল ফিকহিয়্যাহ : ৩০/২৭৭

অনেকের ধারণা, আকিকার জন্তু নানার বাড়ি থেকে আসতে হয়, এ ধারণা সঠিক নয়।

পশুর সংখ্যা : নির্ভরযোগ্য মত অনুযায়ী ছেলেসন্তানের পক্ষ থেকে একই ধরনের দুটি বকরি এবং মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা সুন্নত।  শামি : ৬/৩৩৬

হজরত উম্মে কুরজ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘ছেলের জন্য এক ধরনের দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি আকিকা করবে।’ আবু দাউদ : ২৮৩৪

তবে ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা করলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে। যদিও দুটি করা উত্তম। রদ্দুল মুহতার : ৫/২১৩

আকিকার দিন : সাধারণত সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে যদি কেউ কারণবশত সপ্তম দিন না করতে পারেন, তবে পরবর্তী সময়ে যেকোনো দিন আদায় করতে পারবেন। সপ্তম দিন মনে রাখার একটি সহজ পদ্ধতি হলো, সপ্তাহের যে দিনটিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যেমন শুক্রবার, পরবর্তী সপ্তাহে ঠিক এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার আকিকা আদায় করলে তা সপ্তম দিনে পড়বে। আবু দাউদ : ২৮৩৭

জন্তুর ধরন : যেসব জন্তু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না, সেসব জন্তু দিয়ে আকিকাও শুদ্ধ হয় না। তাই আকিকার ক্ষেত্রে জন্তুর বয়স ও ধরনের দিক থেকে কোরবানির জন্তুর গুণ পাওয়া যায়, এমন জন্তুই নির্বাচন করতে হবে। তিরমিজি : ৪/১০১

কোরবানির জন্তুর সঙ্গে আকিকা : কোরবানির জন্তুর সঙ্গে আকিকা করা বৈধ। একটি পশুতে তিন শরিক কোরবানি হলে সেখানে আরও দু-এক শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে। তদ্রƒপ কোরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবেন। দুররুল হুক্কাম : ১/২৬৬

বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উট ইত্যাদিতে ছেলের জন্য এক শরিক আকিকা দিলেও তা আদায় হয়ে যাবে।

পশু জবাইয়ের সময় : কোনো কোনো অঞ্চলে একটি কুপ্রথা রয়েছে যে যখন নবজাতকের মাথায় ক্ষুর বসানো হবে, ঠিক সেই মুহূর্তে পশু জবাই করতে হবে এ ধারণা সঠিক নয়। মাথা মুণ্ডানোর আগে-পরে যেকোনো সময় আকিকার পশু জবাই করা যাবে। হজরত আতা (রহ.)-এর এক বর্ণনা মতে, আকিকার পশু জবাই করার আগে মাথা মুণ্ডিয়ে নেওয়া উত্তম। আল মুকাদ্দামাতুল মুমাহ্হাদাত : ১/৪৪৯

গোশতের হুকুম : এটি কোরবানির গোশতের মতোই। কাঁচা ও রান্না করা উভয়টিই বণ্টন করতে পারবেন। সর্বস্তরের লোক তা খেতে পারবেন। এমনকি নিজের মা-বাবা, নানা-নানি, ধনী-গরিব সবাই নিশ্চিন্তে আকিকার গোশত খেতে পারবেন। ফাতাওয়ায়ে শামি : ৬/৩৩৬

মৃত বাচ্চার আকিকা : যেহেতু আকিকা করা হয় বালা-মুসিবত দূর করার জন্য, তাই মৃত বাচ্চার পক্ষ থেকে আকিকা করা সুন্নত নয়। আহসানুল ফাতাওয়া : ৭/৫৩৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত