নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদ্যপান করে মাতলামি করার সময় সঙ্গীদের হাতে এক ভ্যানচালক খুন হয়েছেন। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে এক বয়স্ক নারীর ও ময়মনসিংহের গৌরীপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
রূপগঞ্জ: উপজেলায় মদ্যপান করে মাতলামি করার সময় নির্মল দাস (৩৫) নামে এক মাতালকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নির্মল দাস পেশায় ভ্যানচালক ছিলেন। গত শুক্রবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্মল দাস একই ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকার কালিচন্দ্র দাসের ছেলে।
নির্মল দাসের শ^শুর অশোক চন্দ্র দাস জানান, শুক্রবার রাত ১২টার দিকে চোলাই মদ খেয়ে মাতলামি করছিলেন নির্মল, নিমাই, বিমলসহ ৪-৫ জন। একপর্যায়ে নির্মলকে অন্যরা গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে। গুরুতর আহত নির্মলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, নির্মলের লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নেত্রকোনা: জেলার কলমাকান্দা উপজেলায় মালেকা বেগম (৭৪) নামে এক বয়স্ক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পূর্ব নল্লাপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ময়মনসিংহ: জেলার গৌরীপুরে সানজিদা আক্তার রূপা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার হয়। রূপা পাশর্^বর্তী তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল মোতালেবের মেয়ে।
