মাদারীপুরে বিদ্যালয়ে অগ্নিসংযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০১:৫০ এএম

মাদারীপুরের শিবচরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে পুড়ে গেছে বিদ্যালয়টির নিচতলাসহ দ্বিতীয় তলার একটি কক্ষের কয়েকটি জানালা, দুটি ফ্যান, বৈদ্যুতিক মিটার ও পয়ঃনিষ্কাশন পাইপ। গত শনিবার গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মৃর্জারচর বেপারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রাই দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালে মৃর্জারচর বেপারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। বিদ্যালয়টি এলাকাবাসী বিভিন্ন কাজে ব্যবহার করত। কয়েক দিন ধরে পাট কাটা শুরু হলে এলাকাবাসী বিদ্যালয়ে পাটের আঁশ ছড়ানোসহ পাটকাঠি শুকিয়ে আসছিল। কয়েকজন ওই পাঠাকাঠি বিদ্যালয়ের নিচতলায় মজুদ করছিল। শনিবার রাতে কে বা কারা ওইসব পাটকাঠিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর মিয়া বলেন, রাতে এক শিক্ষার্থীর অভিভাবক আমাকে ফোন দিয়ে আগুন লাগার বিষয়টি জানান। আমি দ্রুত এসে দেখি বিদ্যালয় ভবন ও কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি একাধিকবার না করার পরও এলাকাবাসী এখানে পাটকাঠি রাখে। এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত