না.গঞ্জে কিশোর দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৬:০২ এএম

নারায়ণগঞ্জের দেওভোগে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল কিশোরের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম ইমন হোসেন (২১)। গত শনিবার রাত ১০টার দিকে পশ্চিম দেওভোগ হাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন দেওভোগ শেষ মাথা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটে দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে টুটুল ও হানিফ নামে আরও দুজন। স্থানীয়রা জানান, মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গত শনিবার রাতে ডেবিড-আব্দুল্লা ও ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে ডেবিড ও আব্দুল্লা দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘাতে ইমন মারা যায়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে নিহতের ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী আশঙ্কাজনক অবস্থায় ইমনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এখানে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে এসে আমি একটি গ্রুপকে পেয়েছি। তবে হত্যাকা-ের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা কী?

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন নামে একজনের মৃত্যু হয়। নিহতের লাশ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রয়েছে। কেন, কী কারণে এবং কারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত