একমি পেস্টিসাইডসের আইপিও অনুমোদন

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:৩১ এএম

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন পেল একমি পেস্টিসাইডস লিমিটেড। গতকাল ১০ টাকা অভিহিত মূল্যে একমি পেস্টিসাইডসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আইপিও অনুমোদনের ফলে একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করতে পারবে। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী একমি পেস্টিসাইডসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮৪ টাকা। ২০২১-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৪৮ পয়সা। কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী চার বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে আইপিও অনুমোদনে শর্ত দিয়েছে এসইসি। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত