ডাকাতের ছুরিকাঘাতে পরিবহনকর্মী খুন

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:৩৫ এএম

নরসিংদীর শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে খুন হয়েছেন গরুবাহী পিকআপ ভ্যানের চালকের সহকারী। এছাড়া, গাজীপুরে ওষুধের দোকান থেকে ব্যবসায়ীর এবং নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে উদ্ধার করা হয়েছে প্রতিবন্ধী তরুণের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

নরসিংদী : শিবপুরে ডাকাতের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (৩৫) নামে গরুবাহী পিকআপ ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক মমিনুল ইসলাম। গতকাল সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় এলাকায় এই ডাকাতি ও খুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিবুল পাবনা জেলার ভাঙ্গুরা থানার বেতুয়াইন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত চালক ও পুলিশের ভাষ্যমতে, অনলাইনের মাধ্যমে দুটি গরু বিক্রি করা হয়। গত রবিবার রাতে পাবনা থেকে গরু দুটি ডেলিভারি দেওয়ার জন্য একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। ভোরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে ডাকাতরা অপর একটি পিকআপ ভ্যান দিয়ে গরুবাহী পিকআপ ভ্যানটির গতিরোধ করে। পরে তিনজনের একদল ডাকাত পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে নামিয়ে পৃথক স্থানে নিয়ে যায়। এরপর চালককে হাত-পা বেঁধে ফেলে  রেখে গেলেও সহকারী রাকিবুলকে ছুরিকাঘাত করে পিকআপসহ গরু দুটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ডাকাতি ও খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গাজীপুর : ওষুধের দোকান থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন উনিশে টাওয়ারের নিচতলায় জাবিন মেডিকেল হল থেকে ওই দোকানের মালিকের লাশটি উদ্ধার করা হয়। ওষুধ ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৮) নরসিংদীর মাধবদী থানার রহিমদি গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।

নেত্রকোনা : কলমাকান্দা উপজেলায় নিখোঁজের পর সাগর মিয়া (২১) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ পাওয়া গেছে নদীতে। সাগর উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর বাজারের বস্ত্র ব্যবসায়ী মনজুরুল হক মঞ্জিলের বড় ছেলে। গতকাল সোমবার সকালে কলমাকান্দা থানার পুলিশ গুনাই নদী থেকে লাশটি উদ্ধার করে।

বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম. হাদিছুজ্জামান হাদিছ জানান, সাগর মিয়া শারীরিক প্রতিবন্ধী এবং সে সমাজসেবা থেকে একজন প্রতিবন্ধী ভাতা উপকারভোগী। গত রবিবার বিকেল থেকে তাকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত