করোনা: খুলনার চার হাসপাতালে আরও ৬ মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২১, ১২:৩৭ পিএম

খুলনার চার হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোল্লাহাটের শারমিন (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়েলো জোনে ৪১ জন, আইসিইউতে ১৮ জন এবং এইচডিইউতে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মিয়া পাড়া এলাকার আক্তারুজ্জামান (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের রামপালের হায়দার হোসেন (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ২০ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জের রেখা বেগম (৫০), সাতক্ষীরার আশাশুনির লুৎফুর রহমান (৬৫) ও ঝিনাইদহের কালিগঞ্জের মনি মোহন বিশ্বাস(৩৮)।

হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। এর মধ্যে আইসিইউতে ৮ জন এবং এইচডিইউতে ৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত