করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তবে বাসের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম ছিল।
শুক্রবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে মালবাহী ট্রাক ও ঢাকামুখী যাত্রীবাস চলাচল করতে দেখা যায়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বিধিনিষেধের প্রথম দিনেই যাত্রী নিয়ে বাসগুলোকে মহাসড়কে চলাচল করতে দেখা যায়।
ঈদের পরদিন যাত্রী আনতে ঢাকা থেকে ফাঁকা বাস নিয়ে শত শত বাস উত্তর ও পশ্চিমাঞ্চলে গিয়েছিল বলে জানা যায়।
মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকার দিকে। মহাসড়কের কোথাও পুলিশের বাঁধার মুখে পড়তে হয়নি।
এ এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুতে দায়িত্বরত পুলিশ সদস্যরা মহাসড়কে বাস চলাচল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দেয়া সম্ভব নয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকু্ল ইসলাম ও মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাতের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
