মদন, ঝিকরগাছায় দুজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:২৯ এএম

যশোরের ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী তরুণকে কুপিয়ে এবং নেত্রকোনার মদনে হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

যশোর : ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষের জেরে যশোরের ঝিকরগাছায় নয়ন হোসেন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একটি পক্ষ। এতে আহত হয়েছে আরও দুই যুবক। গত শনিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

নিহত নয়ন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নেত্রকোনা : মদন উপজেলায় হত্যা মামলার আসামি আবদুল গণি বেচুকে (৫০) প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত গণি তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে মৃত মনসুর তালুকদারের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। জামিন নিয়ে প্রতিপক্ষের ভয়ে নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে আত্মীয় বাচ্চু মিয়ার বাড়িতে থাকতেন।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী বাজারে এ হত্যাকা-ের ঘটনায় বালালী গ্রামের সুজন মিয়ার ছেলে ধনাই (৩২), একই গ্রামের সঞ্জু মিয়ার ছেলে আশাদুল (২৫) ও জবশেদ মিয়ার ছেলে রফিকুলকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বরিশাল : নগরীসংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে সদর নৌ-থানাসংলগ্ন লঞ্চঘাটের পূর্বপাশে মাঝনদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে গতকাল দুপুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুভ ওই ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত