দিনাজপুরে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০১:১৩ পিএম

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ১০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, গত রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২ জন, বোচাগঞ্জে ১ জন ও পার্বতীপুরে ১ জন রয়েছে। এই নিয়ে জেলায় করোনায় ২৩১ জনের মৃত্যু হলো।

এছাড়া একই সময়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের পজিটিভ পাওয়া গেছে। যা আক্রান্তের হার হিসেবে ১৭ দশমিক ৭৫ শতাংশ।

এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় ১ হাজার ২৪৯ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর মধ্যে ১১৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত